চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ ১৫ কর্মকর্তা
স্টাফ রিপোর্টার : চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার দুপুরে চায়না এয়ারের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছে প্রতিনিধি দলটি।
চীন সরকার ও চীনা দূতাবাসের সহযোগিতায় এই কর্মসূচি হবে চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ। প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (ইনোভেশন এন্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারি, উপসচিব জেসমিন আখতার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান, মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ার প্রমূখে রয়েছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণের আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন।
(ওএস/এসপি/ জুন ০২, ২০২৬)
