দিনাজপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, আহত বোন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছোট বোন সুমনা (১২)।
আজ বৃহস্পতিবার সকালের দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে নিহত আলামিন ও আহত সুমনা ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা শামিমের ছেলে-মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার এসআই সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা রয়েছে। ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
(এসএস/এসপি/ জুন ০৪, ২০২৬)
