রূপক মুখার্জি, নড়াইল : জৈষ্ঠ্য মাসের ভ্যাপসা গরমে কাহিল সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট।শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী, রিকশা, ভ্যান চালকদের মাঝে বিতরণ করা হচ্ছে খাবার পানি, ছাতা ও হাতপাখা।

গত কয়েকদিন দেশের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তাপ প্রবাহের সাথে যুক্ত হয়েছে নজীরবিহীন ভ্যাপসা গরম। দিনকে দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। তীব্র রোদের কারণে দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল বেশ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক জীবিকার তাগিদে যাদের এই তীব্র রোদেও বাইরে বের হতে হচ্ছে, তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকদল বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজার,আদালত প্রাঙ্গণ, পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে রাস্তায় চলাচলকারী তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন বিশুদ্ধ খাবার পানি, রোদ থেকে বাঁচতে দেওয়া হচ্ছে ছাতা এবং গরমের স্বস্তির জন্য দেওয়া হয়েছে হাতপাখা।

ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যকরী কমিটির সহ-সভাপতি এম জাহিদুর রহমান মিলন, নড়াইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকারী সদস্য তানজীর হোসেন, কিয়ামুল হাসান, মধুমিতা সুলতানা, আরমান আলী খানসহ প্রমূখ।

এ বিষয়ে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাপল বলেন, 'তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। এই কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(আরএম/এসপি/ জুন ০৫, ২০২৬)