গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্ততঃ ২৫ জন আহত হন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)।
ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এস.আই মো. সোহেল খান এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অমিতাভ ও কামাল ঢাকায় নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/ জুন ০৫, ২০২৬)
