গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক চাপায় সুলাইমান শিকদার (১১)নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া গ্রামে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু সুলাইমান শিকদার।এসময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে হাইওয়ে পুলিশ।

(টিবি/এসপি/ জুন ০৫, ২০২৬)