স্টাফ রিপোর্টার : ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছর এত জেলায় এক দিনে এমন তাপপ্রবাহ বয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। সাধারণত মে মাসের শেষ দিনেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে, কিন্তু এবার এর দেখা নেই। ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন। আজ শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় গরমের দাপট কমে আসবে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির বিরাজ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

এদিকে, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার।

(ওএস/এসপি/ জুন ০৫, ২০২৬)