একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার হওয়া বাসটি এস বি পরিবহনের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সচেতনতা বৃদ্ধির কারণে আজকের দূর্ঘটনায় কোন নিহত হয়নি। তবে আহত গাড়ির চালক ও সহযোগী হসপিটালে ভর্তি আছে। এই ঘটনায় ৫/৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

(একে/এসপি/ জুন ০৫, ২০২৬)