রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে একটি দ্রুতগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দা ও লঞ্চ কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় চালকসহ নৌকার ১২ আরোহী অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন। আজ শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রাঙ্গামাটি সদর থেকে যাত্রী নিয়ে বরকল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল ছোট নৌযানটি। পথে সুবলং বাজার এলাকায় পৌঁছালে রাঙ্গামাটি থেকে মাইনীমুখগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমএল বিজলি’ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে নৌকাটি মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়।

নৌকাটি ডুবে যাওয়ার পরপরই হ্রদের পাড়ে থাকা স্থানীয় লোকজন এবং এমএল বিজলি লঞ্চের কর্মচারীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পানিতে পড়া চালকসহ ১২ জন যাত্রীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নৌযানে থাকা সব যাত্রীকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। দুর্ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ বা হতাহত হননি।"

এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, ইঞ্জিনচালিত ছোট নৌকাটি হ্রদের সরু চ্যানেলে লঞ্চটিকে ওভারটেক করে আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত লঞ্চের পেছনের অংশের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পর সুবলং বাজার এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হ্রদে নৌযান চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।

(ওএস/এসপি/ জুন ০৫, ২০২৬)