রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খালের দখল নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ নয় জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় আওয়ামী লীগের নেতা আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে থাকা সরকারি একটি খালে জামায়াত-শিবিরের কর্মীরা মাছ শিকার করতে গেলে সংঘর্ষের সুত্রপাত ঘটে।

সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে আ’লীগ নেতা আজহারুল ইসলাম (৩৩)সহ বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০) বিএনপি কর্মী কবির হোসেন (২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ(৩২) ও শিবির কর্মী আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫), লায়লা বেগম (৬৫) কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর উপজেলার কাশীমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আজহারুল ইসলাম জানান, সংক্রান্তি খালটি তিনি দীর্ঘদিন সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত বাংলা সনের চৈত্র মাসে ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি ইজারা নবায়নের জন্য আবারো আবেদন করে তাতে মাছ ছেড়েছেন। শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের ৫০ জনেরও বেশী ব্যক্তি সংক্রান্তির খালে জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। এসময় তার নেতৃত্বে বিএনপি ও আ’লীগের ৩০/৩৫ নেতাকর্মী মাছ শিকারে বাঁধা দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। জামাতের হামলায় তার পক্ষের ছয়জন আহত হয়। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে বিএনপির উত্তেজিত কিছু শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে ধাওয়া করে রাস্তা থেকে ধরে মারধর করে।

সংঘর্ষের বিষয়ে জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, গত বাংলা সনের চৈত্র মাস শেষ হতেই উক্ত খালের ইজারা মেয়াদ শেষ হয়েছে। নুতন করে সরকার তাকে ইজারা না দেয়ার পরও আওয়ামী লীগ নেতা আজহারুল সেখানে মাছ চাষ করছিল। এলাকার দরিদ্র মানুষরা শুক্রবার উক্ত খালের মাছ শিকারে যাওয়ার পর আজহারুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে তাদের তিনজন আহত হয়।

তিনি আরও বলেন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর তাদের কর্মী আব্দুল্লাহ সাদকে কুপিয়েছে বিএনপির কিছু কর্মী।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির বলেন, স্থানীয় বিএনপির নেতারা আজহারুলকে বিএনপির সমর্থক বলে জানিয়েছে। তার ইজারা নেয়া খালে জামায়াতের নেতাকর্মীরা মাছ ধরতে গেলে বাধার মুখে তারা বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ অব্যাহত থাকায় দু’জনকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, সরকারি একটি খালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার পর দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরকে/এসপি/ জুন ০৫, ২০২৬)