ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আমাদের বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বক্তারা ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় স্প্রে ব্যবহার এবং ঘুমানোর সময় বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র ডেঙ্গু প্রতিরোধে জোরালো প্রচারণা চালানোর আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. শামীম আজাদ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত সচেতনতামূলক র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষ জানায়, জেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(ডিসি/এসপি/ জুন ০৬, ২০২৬)
