রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শালনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর
গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত মো. টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , শনিবার বিকালে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এএস/জুন ০৭, ২০২৬)