নড়াইলে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, আহত ৫
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দু'জন যুবক গুরুতর জখমসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে , শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। সভায় কচুবাড়ীয়াসহ আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে 'দাতা সদস্য' হিসেবে নাম প্রস্তাবকে কেন্দ্র করে উপস্থিত দুটি পক্ষ তর্কে জড়িয়ে পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
এ সময় কচুবাড়ীয়া গ্রামের মৃত দাউদ সমাজদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে জাহিদ, নাঈম, হান্নান, সাধন কর্মকার, কিংকর কর্মকার, বাচ্চু, জাহাঙ্গীর সমাজদারসহ ১০/১২ জন দুর্বৃত্ত রামদা, হকিষ্টিক, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে চলমান সভায় অতর্কিত হামলা চালায়। হামলায় কচুবাড়ীয়া গ্রামের সাবেক কাউন্সিলর ফারুক শেখের ছেলে সাবিদ শেখ (২২) ও একই গ্রামের হায়দার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ওরফে অপুকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া হামলার সময় মারধোরের শিকর হয় কচুবাড়ীয়া গ্রামের হারুন মোল্যা, কবির হোসেন, দিলীপ সমাদ্দারসহ আরও কয়েকজন। স্হানীয়রাগুরুতর জখম সাবিদ ও আব্দুল্লাহকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(আরএম/এএস/জুন ০৭, ২০২৬)
