জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটির (সনাক) নেতৃবৃন্দ।
আজ রবিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
‘এখনই জলবায়ু পদক্ষেপের সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক জামালপুরের সভাপতি শামীমা খান।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও এই খাতসংশ্লিষ্ট ব্যবসার প্রসারে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আর কোনো বিকল্প নেই। প্রতিবছর বন্যা হওয়ার কারণে জামালপুর পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে জামালপুরকে এই ঝুঁকিমুক্ত করতে হলে এখানকার প্রত্যেক নাগরিককেই সচেতন হতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যাধিক জীবাষ্ম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ, পরিবেশ দূষণ ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং এর সমাধানের মূল চাবিকাঠি হলো নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর। কিন্তু আইনের ঘাটতি, বিদ্যমান আইনের সীমিত প্রয়োগ এবং পরিবেশ বান্ধব বিনিয়োগ অবকাঠামোর অভাব নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরসহ বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্যতম চ্যালেঞ্জ। একটি কার্যকর নীতির অভাবে বাংলাদেশের জ্বালানি খাত এখনো পরিকল্পিতভাবে গড়ে উঠেনি।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও নদী-খাল ও জলাভূমি দখল, নদ-নদীতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ হয় নি। প্লাস্টিক, পলিথিন এবং শিল্প-কারখানার বর্জ্য থেকে মাটি, পানি ও বায়ু দূষণ অব্যাহত রয়েছে। বনভূমি দখল ও উজাড়, পাহাড় কর্তন এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ আহরণ চলছেই। আইনের দূর্বলতার পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে সচেতনতার কোন বিকল্প নেই।
এর আগে স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাত হুসেন বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষাপট এবং মানববন্ধনের উদ্দেশ্য তুলে ধরেন।
এছাড়া মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জামালাপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, পরিবেশ বাচাঁও, জামালপুরের সাধারণ সম্পাদক এড. ইউসুফ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ক্যাব জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম, সনাক সদস্য মনোয়ারা খানম, আসমাউল আসিফ আকন্দসহ প্রমূখ।
(আরআর/এসপি/জুন ০৭, ২০২৬)
