ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর ঠাকুরবাড়ি সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরে বিশ্ব মানবতার কল্যাণ, দেশমাতৃকা ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ২ জুন মঙ্গলবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান ৭ জুন রবিবার মহাপ্রভুর ভোগ মহোৎসবের মাধ্যমে সমাপ্ত হয়।
ঈশ্বরদী বারোয়ারি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে ছয়টি নামকীর্তন দল এবং চারটি লীলাকীর্তন দল অংশগ্রহণ করে। কয়েক দিন ধরে এসব দল পালাক্রমে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কীর্তন পরিবেশন করে, যা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা প্রসাদ ও সেবার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে আগত ভক্তদের আন্তরিকতা ও ভক্তিভরে সেবাকর্মে অংশ নিতে দেখা যায়।
সমাপনী দিনে অনুষ্ঠিত মহাপ্রভুর ভোগ মহোৎসবে ঈশ্বরদী ও আশপাশের এলাকার হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে ধর্মীয় এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে।
(এসকেকে/এসপি/জুন ০৭, ২০২৬)
