৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
স্টাফ রিপোর্টার : সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।
এর আগে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেন অধস্তন আদালত।
গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরে তার আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে সাবেক এই মন্ত্রী কারাগারেই রয়েছেন।
(ওএস/এএস/জুন ০৮, ২০২৬)
