ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট কুমারদিয়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ছোট কুমারদিয়া গ্রামের পাগল ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
রবিবার (৭ জুন) সকাল থেকে “দুলিতে ফুলিতে, বিন্দুতে সই” এই ভাবধারাকে ধারণ করে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভক্তরা মহাপুরুষ শ্রী শ্রী গনেশ পাগলের জীবনাদর্শ, মানবসেবা ও আধ্যাত্মিক শিক্ষার বিভিন্ন দিক স্মরণ করেন।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মহোৎসব সম্পন্ন হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ছোট কুমারদিয়া গ্রামের পাগল ভক্তবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এই মহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(পিবি/এএস/জুন ০৮, ২০২৬)
