তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পীকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মুকসুদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী'র সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

আনন্দ মিছিলে নেতা-কর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমানকে শুভেচ্ছা-অভিনন্দন’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করেন।

মুকসুদপুর উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, গোপালগঞ্জ জেলা যুবদলের নেতা মোঃ দিপু লস্কর।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিটু লস্কর, জিললুর রহমান জুয়েল, লিয়াকত হোসেন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, আনিচ কাজি, হানিফ মুন্সী, মোঃ নিশাম মিয়া, অনুপম সরকার সাধু ও মিলন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের ও পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/জুন ০৮, ২০২৬)