সিসিটিভি ফুটেজে রহস্য ঘনীভূত
বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়া শহরের চারমাথা এলাকার সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৮)-এর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনর পর রহস্যের সৃষ্টি হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজে তার সঙ্গে এক নারীকে দেখা যাওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার (৬ই জুন) দুপুরে সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ, কোমলপানীয় এবং পানির বোতল জব্দ করে পুলিশ।নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার (৫ই জুন) রাত প্রায় ৯টার দিকে এক নারীকে সঙ্গে নিয়ে বিপুল চন্দ্র পাল মোটেলে প্রবেশ করেন এবং ৬১০ নম্বর কক্ষে ওঠেন। পরে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ এসে বিকল্প চাবি দিয়ে কক্ষের দরজা খুলে বিপুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এদিকে নিহতের স্ত্রী লিপি রানী পাল দাবি করেছেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার জৈনক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। এছাড়া হোটেল কক্ষ থেকে যৌন উত্তেজক ঔষুধ উদ্ধারের বিষয় নিয়েও পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সিসিটিভি ফুটেজে বিপুল চন্দ্র পালের সঙ্গে দেখা যাওয়া নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাকে ৫৪ ধারায় সোমবার (৮ই জুন) আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, হোটেলের সিসিটিভি ফুটেজে বিপুল চন্দ্র পালের সঙ্গে এক নারীকে মোটেলে প্রবেশ করতে দেখা যায়। ঘটনার পর ওই নারীকে ঘিরেই তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
(বিএস/এসপি/জুন ০৮, ২০২৬)
