রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে ও রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে দু'টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তরাধিকার ৭১ নিউজকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

কামাল হোসেন জানান, সোমবার রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই, ফরিদপুর এর যৌথ অভিযানে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. ভাই ভাই ফিলিং স্টেশন, বালিয়াকান্দি, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানের ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ৫২০ মিঃলিঃ কম পাওয়ায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

২. মা মিষ্টান্ন ভান্ডার, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় 'বিএসটিআই আইন, ২০১৮' এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩. আনন্দ বেকারী, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী নামক প্রতিষ্ঠানের ব্রেড, বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্দেশ প্রদান করা হয় এবং লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ না করার জন্য নির্দেশ করা হয়।

মোবাইল কোর্টটি মো. আশিকুজ্জামান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে মো. খালিদ হাসান, পরিদর্শক (মেট), প্রকৌঃ মো. সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর এবং স্থানীয় থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর -এর এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআই কর্মকর্তা কামাল।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২৬)