এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : মাদক নির্মূলে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের আওতায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৬ লাখ ৫৪ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ৭২৬ গ্রাম হেরোইন, ১ হাজার ৮৬৩ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৭৪৮ বোতল বিদেশি মদ, ১ লাখ ২৯ হাজার লিটারের বেশি দেশীয় মদ এবং ৫ হাজার ৮২০ কেজির বেশি গাঁজা।
বাংলাদেশ পুলিশ জানায়, মাদক পাচার, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত অভিযানে বহু মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সেই লক্ষ্যেই চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও আরও সম্প্রসারণ করা হবে।
পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মাদক সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করতে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে চলমান এ লড়াই আরও কার্যকর হবে বলে আশা করছে বাংলাদেশ পুলিশ।
(এসডি/এসপি/জুন ০৯, ২০২৬)
