গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ- টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ওই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ।
জানা গেছে, কতিপয় ব্যবসায়ী উলপুর বাজারে সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়, তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদিন ওই বাজারের ৩ টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
এসময় উলপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মহাসিন উদ্দিন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল মো. আমিন শরিফ বলেন, উলপুর বাজারে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিল। এতে আমাদের উলপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে বাধা দেওয়া হয়। তখন আমি অফিসের মায়ের সহ অন্যদের সাথে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা দুর্ব্যবহার করেন। পরে দুপুরে আমি গিয়ে ওই ৩ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে অবৈধ স্থাপনা সমুহের মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিবি/এসপি/জুন ০৯, ২০২৬)
