রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক স্বাস্থ্য কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১০) জুন বিকালে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সকালে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইট ভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলরামপুর হাইওয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকার মাহমুদ হাসান ও শিক্ষক আসমা বেগম দম্পতির জৈষ্ঠ্য সন্তান এবং দীপ্ত টিভির সাবেক সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিণী। আমেনা হাসান বিপাশা পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা আমেনা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে যশোরে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালপ তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক তানভীর আহম্মেদ রুবেলের সহধর্মিনীর মৃত্যুতে লোহাগড়ার সাংবাদিক সমাজ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

(আরএম/এএস/জুন ১১, ২০২৬)