ফুলপুর হাসপাতালের ২ সেকমোকে কারণ দর্শানোর নোটিশ
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে (সেকমো) ডি.এ নাম্বার ও ম্যানুফ্যাকচারিং নাম্বার ছাড়া ওষুধ লেখায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জানা যায়, বহিঃবিভাগে ডিউটি করার সময় সরকারি বিধিনিষেধ থাকা সত্বেও সরকারি ব্যবস্থাপত্রে এসব ওষুধ লিখেছেন তারা। গত বুধবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অবজ্ঞা, সরকারি চাকরি বিধির পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে। সেইসাথে অভিযুক্ত সেকমো মফিজুর রহমান ও সাব্বির হোসাইনকে দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
আরোও জানা যায়, একই সময়ে ২ জন মেডিক্যাল অফিসারকে একই বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অপচিকিৎসা ও সেকমোদের দৌরাত্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(এসআই/এসপি/জুন ১১, ২০২৬)
