গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে তানবির নামে ৫ বছর বয়সী একটি শিশু মারা গেছে। নিহত শিশু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তমিজউদ্দিন মৃধা পাড়ার মোঃ ফারুক মোল্লার ছেলে।
গতকাল বুধবার বিকেলের দিকে পাশ্ববর্তী সৈদাল পাড়ার পাশে মরা পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানবিরকে নিয়ে বেড়াতে এসে অবস্হান করছিলেন।
শিশুটির মা সুমী খাতুন আহাজারি করতে করতে তিনি বলেন, দুপুর দেড়টার দিকে তানবির আমাকে পানি আনার কথা বলে ঘর হতে বের। আমি তখন বিষয়টি বুঝে উঠতে পারিনি। এরপর সে ফিরে না আসলে সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করি। কিন্তু না পেয়ে বাড়ির পাশে মরা পদ্মা নদীতে গিয়ে দেখি নদীর পাড়ে ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে পড়ে আছে।
স্থানীয় মনজু মোল্লা জানান, তারা শিশু তানবিরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(একে/এসপি/জুন ১১, ২০২৬)
