কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্ত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার সোনাডাঙ্গা এলাকায় সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল বের করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকার। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সুমন খন্দকার নিজেই তার ব্যক্তিগত ফেসবুক পেজে ঝটিকা মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, উপজেলার সোনাডাঙ্গা বড় ব্রিজ এলাকায় ২০-২৫ জন নেতাকর্মী নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালিলেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেসবুকে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখা হচ্ছে।’
(টিবি/এসপি/জুন ১২, ২০২৬)
