গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
আজ শনিবার সকালের দিকে চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার এস.আই শফিকুল ইসলাম লাশ উদ্ধারের তথ্য জানিয়ে বলেন, ৩ দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তাকে পায়নি। শনিবার সকালে এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের এ কর্মকর্তা মন্তব্য করেন।
(টিবি/এসপি/জুন ১৩, ২০২৬)
