স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার (১৪ জুন) সচিবালয়ে ‘নজরুল বর্ষ উদযাপন’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ৩ দিনব্যাপী (২৩-২৫ মে) অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।

নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানিয়ে সাংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকেট প্রকাশ রয়েছে।

নিতাই রায় চৌধুরী বলেন, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত/বিশেষ উপজেলায় আগামী ১৮-২০ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট হতে দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

নজরুলবর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুলবর্ষ পালন সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, নজরুল ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে এক আপসহীন কণ্ঠস্বর। নজরুলের জীবনদর্শনের অন্যতম ভিত্তি হল অসাম্প্রদায়িকতা ও মানবিক ঐক্য। তিনি হিন্দু-মুসলিম তথা ধর্মের ভেদাভেদ ভুলে একটি সাম্যের সমাজ গঠনের আহ্বান জানিয়েছিলেন। তার সাহিত্য ও সংগীতে যেমন ইসলামী ঐতিহ্যের সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি হিন্দু পুরাণ ও সংস্কৃতির প্রতিও তিনি দেখিয়েছেন গভীর অনুরাগ। তিনি বিশ্বাস করতেন- মানুষের পরিচয় তার মানবতায়। আজকের বাংলাদেশেও তার এই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।

মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

(ওএস/এএস/জুন ১৪, ২০২৬)