রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে গুরুতর অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৯ অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে উক্ত দুই নেতাকে উপরোক্ত বিষয়ে লিখিত জবাব দিতে বলা হলেও তারা সময়মত এবং গ্রহণযোগ্য জবাব দিতে না পারায় এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, তহবিলের অর্থ তছরুপ, মাদক ও জুয়ায় আসক্তি এবং সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংগঠন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

(আরকে/এএস/জুন ১৪, ২০২৬)