টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন (টংগী পশ্চিস থানা) আয়োজিত পঞ্চম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির আহম্মেদ, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আমীর ফয়সাল, টঙ্গী পূর্ব থানা সভাপতি মো. আব্দুল মতিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, "শিক্ষার্থীদের সৎ ও যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
(জেজে/এসপি/জুন ১৪, ২০২৬)
