বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন ও র্যালি
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর।
আজ রবিবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সনাকের নেতৃবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। বিশেষ করে বর্জ্য সংগ্রহ, বাছাই ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাজে শিশুদের সম্পৃক্ততা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষাক্ত বর্জ্য, ধারালো বস্তু ও রোগজীবাণুর সংস্পর্শে থেকে এসব শিশু প্রতিনিয়ত নানা স্বাস্থ্যঝুঁকির মুখে জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দরিদ্র পরিবারের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সরকারের কাছে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে পাঁচটি ধারার আওতায় সাতটি সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সনাক ফরিদপুরের সহ-সভাপতি মনোয়ারা মুর্শিদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জীবনে প্রকৃতি ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ বাদল, সনাক সদস্য মাহবুবুর রহমান, খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেন এবং ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি” স্লোগান দেন এবং শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সূচনাস্থলে এসে শেষ হয়।
(ডিসি/এসপি/জুন ১৪, ২০২৬)
