রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাসের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের পাশে অবস্থিত ময়লার স্তূপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কলেজের প্রধান ফটকের পাশের একটি ময়লার স্তূপে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।

এই নৃশংস দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কে বা কাহারা রাতের আঁধারে নবজাতকটিকে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে রাতের আঁধারে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া, আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

(আরআর/এএস/জুন ১৬, ২০২৬)