চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর রেল বাজার এলাকা থেকে ৪ বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় দোলং গ্রামে জনতার হাতে আরশেদ প্রামানিক (৩০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার অমৃতকুন্ডা (রেল বাজার) এলাকা থেকে শিশুটি চুরি হয়।
আটক ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়াবাড়ি গ্রামের ফজল প্রামানিকের ছেলে আরশেদ প্রামানিক।
উদ্ধারকৃত শিশু চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের কেস্টু দাসের ছেলে রাজদেব (৪)। আটক ব্যক্তি ও শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বলছে, আটক আরশেদ মানসিক ভারসাম্যহীন। ফুলছড়ি এলাকায় আরশেদ পাগল বলে পরিচিত।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় শিশুটি খেলা করছিলো। সেখান থেকে আরশেদ শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল। চাটমোহর পৌর সদরের পাশে দোলং এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এসময় এলাকার লোকজন আরশেদকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় থানায় খবর দিলে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। এরমধ্যে শিশুটি মা-বাবা এসে শিশুটিকে সনাক্ত করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, উদ্ধারকৃত শিশু ও আটক ব্যক্তি পুলিশী হেফাজতে রয়েছে। আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএইচ/এসপি/জুন ১৬, ২০২৬)
