ঈশ্বরদী প্রতিনিধি : দুর্গম পদ্মা নদীর চরে একটি মাছ ধরার নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল প্রামানিক (৪২) পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম একই উপজেলার সাঁড়া চানমাড়ী গোরস্থান এলাকার আব্দুল হক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন জেলে পদ্মা নদীতে একটি নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, ঘটনাস্থল থেকে সাহাবুলের মরদেহ এবং একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সাহাবুলকে গুলি করে হত্যা করার পর তার মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

(এসকেকে/এসপি/জুন ১৬, ২০২৬)