অমর ডি কস্তা, নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ওই এলাকার বাসিন্দা এবং শিশুটি তার প্রতিবেশী ছিল।

গতকাল বুধবার দুপুরে শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ আগস্ট ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী জালাল উদ্দিন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পর আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

(এডিকে/এসপি/জুন ১৮, ২০২৬)