শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : খরিপ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

(এসএএস/এএস/জুন ২০, ২০২৬)