‘বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না’
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। আমাদের দল গত পাঁচ দশক ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন।
বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। বিএনপির রাজনীতির মূল ভিত্তিই হচ্ছে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার। শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই চুক্তি সম্পন্ন হবে। বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা। বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে বাজারের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফুলদি নদীর ওপর একটি সেতু নির্মাণের আশ্বাস দেন। তিনি বলেন, অচিরেই ফুলদি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। এলজিইডির প্রধান প্রকৌশলী ইতোমধ্যে এলাকাটি পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে।
মুন্সীগঞ্জ সফরকালে মন্ত্রী মোল্লারচর এলাকার একটি সাঁকো পরিদর্শন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা করেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও দুর্দশার খোঁজখবর নেন। পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।
এ ছাড়া জেলা সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও চলমান প্রকল্প নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আড. আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক মাহাবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এমকে/এএস/জুন ২১, ২০২৬)
