বিনোদন ডেস্ক : বিশ্ব সংগীত দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২১ ও ২২ জুন রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবটি আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার, সংস্কৃতি, নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। অতিথি হিসেবে যোগ দেবেন গীতিকার মনিরুজ্জামান মনির।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহিদ উদ্দিন স্বপন। উভয় দিনের অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আনুষ্ঠানিক পর্ব শুরু হবে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে বিশেষ সংগীত পরিবেশনা, যেখানে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা অংশ নেবেন।

আয়োজকদের মতে, এ উৎসবটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। দর্শকরা বিভিন্ন ধারা ও শৈলীর সংগীত পরিবেশনার মাধ্যমে বিশ্ব সংগীত দিবস উদযাপনের সুযোগ পাবেন।

(ওএস/এএস/জুন ২১, ২০২৬)