গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লাসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া, অপপ্রচার বন্ধ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন এবং মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
(টিবি/এসপি/জুন ২১, ২০২৬)
