তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে বিদ্যুৎ কান্তি রায় নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।

আজ রবিবার ভোরে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের নিজ বাড়ির বাইরে কামরাঙা গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী।

তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ব্যাপক ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় লোকজন। তাই ঋণের বোঝা বইতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়ে বাবা-মা'র কবরের পাশের কামরাঙা গাছের সাথে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়।

এসআই মোসলেম আরও বলেন, তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে লাশটি উদ্ধার করে।
এঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/জুন ২১, ২০২৬)