মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে সরকারি খাল ও স্থানীয়দের জমি অবৈধভাবে ভরাটের অভিযোগ ওঠার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আজ সোমবার দুপুরের পর অভিযান চালিয়ে ওই অবৈধ ড্রেজিং বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও ভেকু (খননযন্ত্র) গুঁড়িয়ে দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ ছিল, শিমুলিয়া বাজারের সামনে নদীর পাড়ে ড্রেজার দিয়ে বালু ফেলে সরকারি খালের অংশসহ ব্যক্তিমালিকানাধীন জমি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন করে। এতে এলাকাবাসী প্রশাসনের উপর সন্তোষ প্রকাশ করে। তবে তারা বলেন, কুচক্রী এ মহলটি যেনো কোন ভাবেই প্রশাসনকে ম্যানেজ করে আবারো এসকল জমির শ্রেনী পরিবর্তণ করতে না পারে। সেই সাথে পদ্মায় ড্রেজিং করে বালু কাটতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। কারণ পদ্মা বালু কাটলে তা আমাদের লৌহজং উপজেলাকে ভাঙনের মুখে ঠেলে দেয়।

এ ব্যাপারে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান জানান, অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ভরাট করে জমির শ্রেনী পরিবর্তরে বিষয়টি জানতে পারি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রেজিং বন্ধ করি। তবে কাউকে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবৈধ বালু কাটা ও কৃষি জমি ভরাটের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। এ ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

(এমকে/এসপি/জুন ২২, ২০২৬)