‘ডেভিড ইমনকে গ্রেফতারের খবর সঠিক নয়’
স্টাফ রিপোর্টার : ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেফতার’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য বলে দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিএমপি জানায়, কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছে এবং এ তথ্য সিএমপি কমিশনার নিশ্চিত করেছেন।
তবে, বাস্তবে ডেভিড ইমন গ্রেফতার হননি। একই সঙ্গে সিএমপি কমিশনারও এ ধরনের কোনো বক্তব্য দেননি।
বার্তায় বলা হয়, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মহোদয় ডেভিড ইমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বাস্তবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার হয়নি এবং সিএমপি কমিশনার মহোদয়ও এ ধরনের কোনো বক্তব্য দেননি।
এতে বলা হয়, অতএব, সংশ্লিষ্ট সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তথ্য যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সব সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও পেশাদার সাংবাদিকতা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে যথাযথ সূত্র যাচাই সাপেক্ষে সংবাদ পরিবেশনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।
(ওএস/এএস/জুন ২৩, ২০২৬)
