ঈশ্বরদী প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে জাকারিয়া পিন্টু ফেসবুক লাইভে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিহতের জন্য নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যুবদল নেতা জাকির হোসেন জুয়েল বলেন, বিগত ১৭ বছরে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় নানা বাধা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে। এ অবস্থায় গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, মনিরুল ইসলাম সাবু, ইলিয়াস হোসেন এলবাস, মহিদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা হিরোক সরদার, আনোয়ারুল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন, ফয়সাল আহমেদ জুয়েল, শেখ রিংকুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

(এসকেকে/এসপি/জুন ২৩, ২০২৬)