মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
মীর আব্দুল আলীম
বাংলাদেশে বজ্রপাত আজ আর শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়; এটি ক্রমেই এক নীরব জাতীয় দুর্যোগে পরিণত হচ্ছে। প্রতিবছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ এই মৃত্যুগুলোর অধিকাংশই প্রতিরোধযোগ্য। একসময় বাংলার গ্রামাঞ্চলজুড়ে তাল, খেজুর, পাম ও অন্যান্য উঁচু গাছের প্রাকৃতিক নিরাপত্তা বলয় ছিল। ব্রিটিশ আমল থেকে শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বজ্রনিরোধক খুঁটি ও ধাতব কাঠামোও স্থাপন করা হয়েছিল। এগুলো বজ্রপাতের শক্তিকে নিরাপদে মাটিতে প্রবাহিত করে মানুষ ও স্থাপনাকে সুরক্ষা দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই সুরক্ষাব্যবস্থাকে অবহেলা করেছি। নির্বিচারে গাছ কেটেছি, তালগাছকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছি। অনেক এলাকায় বজ্রনিরোধক খুঁটি ও ধাতব কাঠামোও চুরি কিংবা অপসারণ করা হয়েছে। মূল্যবান ধাতুর লোভ, গুজব ও অসচেতনতার কারণে মানুষ নিজের নিরাপত্তার ব্যবস্থাই নিজের হাতে ধ্বংস করেছে। সভ্যতার অগ্রযাত্রার দাবি করলেও প্রকৃতির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় অসভ্যতার পরিচয় দিয়েছি।
এই অবহেলা ও অসচেতনতার নির্মম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ২২ জুন রোববার সন্ধ্যায় দেশের মানুষ আবারও দেখল বজ্রপাতের ভয়াবহতা। শরীয়তপুরের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় বজ্রপাতে প্রাণ হারায় তিন কিশোর শিক্ষার্থী বাদল মিয়া (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তারা কেউ ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, কেউ ছিল পরিবারের আশা-ভরসা। কিন্তু মুহূর্তের এক বজ্রচমকে নিভে গেল তিনটি সম্ভাবনাময় জীবন। তাদের মৃত্যু শুধু তিনটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক বেদনাদায়ক প্রশ্ন রেখে গেছে প্রকৃতির এই সতর্কবার্তা আমরা আর কতদিন উপেক্ষা করব?
বজ্রপাতের প্রতিটি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গে সমন্বয় করেই টিকে থাকতে হয়। আমরা যদি বৃক্ষনিধন, পরিবেশ ধ্বংস এবং নিরাপত্তা অবকাঠামোর প্রতি অবহেলা অব্যাহত রাখি, তবে মেঘের ভেতরে জমে থাকা এই অদৃশ্য মৃত্যুযুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে।
প্রশ্ন উঠছে, বজ্রপাত কি সত্যি বেড়েছে, নাকি আমরা নিজেরাই নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি? এটি প্রকৃতির প্রতিশোধ, না আমাদের ব্যর্থতা? উত্তরটি জটিল, কিন্তু স্পষ্ট। বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় তাল, খেজুর, পাম উঁচু বৃক্ষের আধিক্য ছিল।
এই গাছগুলো প্রাকৃতিক ‘লাইটনিং রড’ হিসেবে কাজ করত। বজ্রপাতের শক্তি নিজের মধ্যে ধারণ করে মাটিতে নামিয়ে দিত। আজ সেই গাছ নেই। অযৌক্তিক নগরায়ণ, নির্বিচারে গাছ কাটা, কৃষিজমির পরিবর্তন সব মিলিয়ে গ্রামবাংলা হয়ে উঠেছে উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ। তালগাছ প্রায় বিলুপ্তির পথে। ফলে বজ্রপাত এখন সরাসরি মানুষের শরীরে আঘাত হানছে। প্রকৃতি শূন্যতা সহ্য করে না। আমরা গাছ কেটেছি, প্রকৃতি আমাদের নিরাপত্তা কেটে নিচ্ছে।
বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল একটি মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়। এটি ভয়াবহ জননিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। আকাশে মেঘ জমে, বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই সঙ্গে শুরু হয় মৃত্যুর এক অদৃশ্য হিসাব, যার প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ। ২০২৬ সালের বাস্তবতায় এসে এই সংকট আরো প্রকট হয়ে উঠেছে। মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় এক দিনেই একাধিক প্রাণহানির ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, আমরা এখনো প্রস্তুত নই।
গত এক দশকের পরিসংখ্যানে দেখা যায়, দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছে প্রায় তিন হাজার মানুষ। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি রাষ্ট্রীয় প্রস্তুতির সীমাবদ্ধতা, পরিবেশগত বিপর্যয় এবং সামাজিক অসচেতনতার সম্মিলিত ফল। আন্তর্জাতিক মেঘের ভেতর মৃত্যু : বজ্রপাতের অদৃশ্য যুদ্ধগবেষণা সংস্থাগুলোর তথ্যও একই বাস্তবতার দিকে ইঙ্গিত করে, বজ্রপাতজনিত মৃত্যুহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অথচ এই সংকট নিয়ে জাতীয় পর্যায়ে যে গুরুত্ব দেওয়া উচিত, তা এখনো পর্যাপ্ত নয়। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো? প্রথমত, পরিবেশগত ভারসাম্যহীনতা এই সংকটের অন্যতম প্রধান কারণ। একসময় গ্রামবাংলা ছিল উঁচু গাছের প্রাকৃতিক বেষ্টনীতে ঘেরা। তালগাছ, খেজুরগাছ, নারকেলগাছ, পামগাছ এসব শুধু গ্রামীণ সৌন্দর্যের অংশ ছিল না, বরং বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।
নির্বিচারে গাছ কাটা, কৃষিজমির অনিয়ন্ত্রিত ব্যবহার, অপরিকল্পিত নগরায়ণ সব মিলিয়ে গ্রামবাংলা হয়ে উঠেছে উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, অবকাঠামোগত ঘাটতি এই সংকট আরো তীব্র করেছে। উন্নত বিশ্বে বজ্রনিরোধক ব্যবস্থা একটি বাধ্যতামূলক নিরাপত্তাকাঠামো হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এটি এখনো সীমিত পরিসরে রয়েছে। গ্রামীণ স্কুল, বাজার, খোলা মাঠ, কৃষিক্ষেত্র যেখানে মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়, সেখানে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের উদ্যোগ অপ্রতুল। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি গুজব। দেশের বিভিন্ন এলাকায় বজ্রনিরোধক সীমানা পিলার বা ধাতবকাঠামো চুরি হয়ে যাচ্ছে। কারণ গুজব ছড়ানো হয়েছে যে এসবের ভেতরে মূল্যবান ধাতু রয়েছে। ফলে মানুষ নিজের অজান্তেই নিজের নিরাপত্তাব্যবস্থাকে ধ্বংস করছে।
তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের প্রভাব বজ্রপাত বৃদ্ধির পেছনে একটি বড় বৈজ্ঞানিক কারণ হিসেবে কাজ করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতার তারতম্য এবং উষ্ণ বায়ুর দ্রুত ঊর্ধ্বমুখী প্রবাহ বজ্রমেঘ তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে বজ্রপাতের ঘনত্ব ও তীব্রতা দুটিই বাড়ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু এই ঝুঁকিকে আরো বাড়িয়ে দেয়। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয়, আর্দ্র এবং ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভূত হয়।
আবহাওয়ার অনিয়মিত আচরণ, অকালঝড়, আকস্মিক বজ্রপাত, অস্বাভাবিক তাপমাত্রা সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। চতুর্থত, জনসচেতনতার অভাব এখনো এই সংকটের বড় কারণ। বজ্রপাতের সময় কী করা উচিত, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত জ্ঞান নেই। অনেকেই বজ্রপাত শুরু হলেও মাঠে কাজ চালিয়ে যায়, খোলা জায়গায় অবস্থান করে বা বড় গাছের নিচে আশ্রয় নেয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেউ কেউ মোবাইল ফোন ব্যবহার চালিয়ে যায়, যা বজ্রপাতের সময় বিপজ্জনক হতে পারে।
এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী এখনো কৃষিনির্ভর এবং তাদের বড় অংশ খোলা আকাশের নিচে কাজ করে। বজ্রপাতের সময় তাদের জন্য নিরাপদ আশ্রয় নেই বললেই চলে। ফলে তারা বাধ্য হয় ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যেতে। এই বাস্তবতায় সমাধান খুঁজতে হলে প্রয়োজন সমন্বিত, দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক উদ্যোগ।
প্রথমত, একটি জাতীয় বৃক্ষায়ণ কর্মসূচি গ্রহণ করতে হবে, যেখানে তাল, খেজুর ও পাম জাতীয় উঁচু গাছ লাগানোকে অগ্রাধিকার দেওয়া হবে। এটি শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং সরাসরি জীবন রক্ষার একটি কার্যকর উপায়। বজ্রনিরোধক অবকাঠামোকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার ও খোলা মাঠে বাধ্যতামূলকভাবে লাইটনিং অ্যারেস্টার স্থাপন করতে হবে। পাশাপাশি বিদ্যমান সীমানা পিলার ও ধাতবকাঠামো সংরক্ষণে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি জাতীয় প্রচারণা চালু করা প্রয়োজন। শুধু প্রচার নয়, গ্রামভিত্তিক প্রশিক্ষণ, স্কুল কারিকুলামে অন্তর্ভুক্তি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানুষকে বুঝতে হবে, বজ্রপাতের সময় একটি ছোট ভুলই হতে পারে প্রাণঘাতী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্যাকে আর অবহেলা করার সুযোগ নেই।
বজ্রপাত এখন আর শুধু প্রকৃতির বিষয় নয়, এটি আমাদের উন্নয়ন পরিকল্পনা, পরিবেশনীতি এবং সামাজিক আচরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে। প্রতিটি বজ্রপাত যেন একটি বার্তা, ভারসাম্যে ফিরে আসার আহবান। আমরা যদি এখনো সেই আহবান উপেক্ষা করি, তবে ভবিষ্যৎ আরো ভয়াবহ হতে বাধ্য। বজ্রপাত মোকাবেলায় সমন্বিত কর্মপথ : বাংলাদেশে বজ্রপাতজনিত মৃত্যু রোধ করতে হলে এটিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখলে চলবে না, বরং এটিকে একটি জননিরাপত্তা, পরিবেশ ও উন্নয়ন সংকট হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য প্রয়োজন একটি সমন্বিত জাতীয় কৌশল, যা একই সঙ্গে প্রতিরোধ, প্রস্তুতি ও সচেতনতা এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি ইউনিয়ন ও গ্রামীণ অঞ্চলে বজ্রপাত নিরাপদ আশ্রয় কেন্দ্র গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর আগাম সতর্কবার্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করা জরুরি।
সব শেষে এই পুরো কার্যক্রমকে একটি জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করতে হবে, যেখানে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষ সবাই একসঙ্গে কাজ করবে। কারণ বজ্রপাত কোনো একক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট, যার সমাধানও হতে হবে সমন্বিত ও সুদূরপ্রসারী। বজ্রপাত থামানো যাবে না, কিন্তু মৃত্যুকে কমানো সম্ভব। আর সেই দায়িত্ব আমাদের সবার রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির।
লেখক : সাংবাদিক ও সমাজ গবেষক।
