মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামের ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে রাতের আদারে কুপিয়ে হত্যা ও তার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী নিহত সোহেলের স্ত্রী নুপুরের প্রথম স্বামী দ্বীন ইসলাম।

প্রথম স্বামী ও সন্তান রেখে দ্বিতীয় বিয়ের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

সংবাদ সন্মেলনে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনের তত্ত্বাববধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লৌহজং থানা পুলিশ এক যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (২৩ জুন) সকালে টংগিবাড়ি উপজেলার সেরাজাবাদ গ্রাাম থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ সুপার জানান, তদন্তে জানা যায় দ্বীন ইসলাম নিহত সোহেল মুন্সীর স্ত্রী নুপুরের প্রথম স্বামী। নুপুর প্রায় দেড় বছর আগে দ্বীন ইসলাম ও তাদের তিন বছরের ছেলেকে ছেড়ে সোহেলের সঙ্গে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে দ্বীন ইসলাম প্রতিশোধ নিতে সোহেলকে হত্যার পরিকল্পনা করেন। গত ১৮ জুন রাত আনুমানিক ১টার দিকে তিনি সোহেলের বাড়িতে ঢুকে মোটরসাইকেলে আগুন দেন। আগুন নেভাতে আসা সোহেলকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে তার পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(এমকে/এসপি/জুন ২৩, ২০২৬)