তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।  

ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত আজ মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: লোকমান হাকিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, "দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর এর সাথে তাল মিলিয়ে আমাদের কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ফল মেলার গুরুত্ব অপরিসীম।"

তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন ও বিপণন বাড়াতে আগামীতে এ মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কথা বলা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মো: হাবীবুল্রাহ বলেন, ফলের অপরিসীম পুষ্টিগুণের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "সুস্থ ও সবল জীবনের জন্য আমাদের প্রতিনিয়ত ফল খেতে হবে।"

তবে আমাদের দৈনিক পুষ্টির চাহিদার তুলনায় দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "আমাদের শরীরে যে পরিমাণ ফল খাওয়া প্রয়োজন, আমরা প্রতিদিন সেই পরিমাণ দেশীয় ফল খাই না।"

তিনি সবাইকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল বেশি বেশি খাওয়ার আহ্বান জানান।

মেলায় দেশীয় প্রজাতির প্রচলিত ও অপ্রচলিত ফলের ১০ টি স্টল বসেছে। মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

(টিবি/এসপি/জুন ২৩, ২০২৬)