গ্রেফতার ৭
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি গ্রামীণ সড়কে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল শেষে কেক কাটা হয়। পরে কর্মসূচির ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের সাবেক গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদসহ কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়। মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে সংগঠনটির সাবেক যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী দীঘারকুল গ্রামের সড়কে সংক্ষিপ্ত মিছিল করে। তারা সেখানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শুভ শুভ শুভদিন আওয়ামী লীগের জন্মদিন সহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে সেখানে একটি কেক কাটা হয়। এভাবেই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি ছোট গ্রামীণ সড়কে ভিডিও ধারণ করা হয়েছে। গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে অল্পসংখ্যক লোক নিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া পুলিশ সুপার আরো বলেন, গোপালগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যা থেকে গোপালগঞ্জ জেলায় সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় ১টি মিছিল ছাড়া এখন পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) কোন অপ্রিতিকর ঘটনার খবর পর্যন্ত পাওয়া যায়নি। জেলায় পুলিশ, আনসার, এপিবিএন সহ আইন শৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।
(টিবি/এসপি/জুন ২৩, ২০২৬)
