রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা পিজিপি স্কুল মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় কেককাটার ছবি দেখে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের নেতা সাগর হোসেন টেনারের সভাপতিত্বে এই কেক কাটা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, মহিববুল্লাহ, বিল্লাল হোসেন, সজীব হোসেন, নাহিদ হোসেনসহ অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে এবং দুপুর পৌনে ২টার দিকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাখিমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন ও মোজাহার গাজীর ছেলে বিল্লাল হোসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পদ্মপুকুর এলাকায় যেতে একটি নদী পার হতে হয়। এই ভৌগোলিক সুযোগ তারা কাজে লাগিয়েছে। অনুষ্ঠানের ছবি দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের কয়েকটি টিম ওই এলাকায় কাজ করছে।

(আরকে/এসপি/জুন ২৪, ২০২৬)