ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান চালিয়ে আ'লীগ ও অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিগত তিন দিনে লাগাতার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলপুর পৌর আ'লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, রহিমগঞ্জ ইউনিয়ন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মোঃ রামিম, ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাতুল হাসান, বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের মোটরসাইকেল চালক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হুমায়ুন কবির, নলচাপড়া গ্রামের যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, নারায়নপট্টি গ্রামের টুটুল, বড়ইকান্দি এলাকার সামিউল খান, রূপসি ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের যুবলীগ কর্মী সিদ্দিক। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(এসআই/এসপি/জুন ২৪, ২০২৬)
