শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দুই ননদ ও এক ভাবি। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার ভাদুরিয়া গ্রামের আকলিমা খাতুন (২০), দুলালী খাতুন (১৩) ও সুরভী খাতুন (১০)। তাদের মধ্যে আকলিমা খাতুন সম্পর্কে ভাবী এবং দুলালী ও সুরভী আপন দুই বোন ও তার ননদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে তিনজন একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা অসাবধানতাবশত নদীর গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান। তিনজনের কেউই সাঁতার জানতেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন তাদের পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে নদী থেকে তিনজনকে উদ্ধার করা হলেও উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলছে।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের
স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

(এসএস/এসপি/জুন ২৫, ২০২৬)