দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ফরিদপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এই বাজেট আলোচনায় অংশ নেন। এ সময় তিনি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের নানাদিক নিয়ে সুচিন্তিত বক্তব্য ও পরামর্শ দেন।

বক্তব্যের শুরুতেই চৌধুরী নায়াব ইউসুফ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে তিনি নারীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি সম্প্রসারণ, কুটির ও হস্তশিল্পের বিকাশ এবং জেলা পর্যায়ে কুটির শিল্পভিত্তিক বাণিজ্য মেলার আয়োজনের জোরালো দাবি জানান। একই সঙ্গে ঐতিহ্যবাহী পাট শিল্পের আধুনিকায়ন ও পুনরুজ্জীবনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি।

ফরিদপুরের ভৌগোলিক ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, "পদ্মা নদীর ভাঙন রোধে অবিলম্বে কার্যকর নদীশাসন ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন করা জরুরি। এছাড়া নদীভাঙন কবলিত এলাকার টেকসই উন্নয়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে হবে।"

চিকিৎসাসেবা নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করার ওপর তাগিদ দেন।

শিক্ষাখাতের আমূল পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি ফরিদপুরে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, গণশিক্ষা কার্যক্রমের গতিশীলতা এবং বয়স্ক শিক্ষার জন্য নৈশকালীন বিদ্যালয় চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাজেট আলোচনায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের এমন দূরদর্শী ও জনবান্ধব প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ফরিদপুরের স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

(ডিসি/এসপি/জুন ২৫, ২০২৬)